রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

শকুন্তলা হাঁসদা
শকুন্তলাকে কে একজন মেরে ফেলেছিল। তার ধড় ও মাথা আলাদা হয়ে পড়েছিল। মাথায় ছিল কী রকম একটা রঙের চুল। আর কানে ছিল কী রকম যেন দেখতে দুল। নাকে ছিল আশ্চর্য নাকচাবি - খুবই সহজ সরল তার নকশা। শকুন্তলার গলায় আলো করে থাকা এক অপূর্ব হার ছিল। প্রথমে ধড় ও মাথা আলাদা হয়ে যেতে হারটি টুপ করে খসে পড়ল। সে থেকে তৈরী হল এক অপূর্ব এঁকে বেঁকে চলা রাস্তা যা দূর থেকে দেখা যায় , কাছ থেকে দেখা যায় এমন সহজ সরল অথচ আঁকা বাঁকা রাস্তা। মাথাটিও সমস্যা সৃষ্টি করেনি। তার চুল হয়ে গেল কী রকম একটা রঙের আকাশ। সমস্যা হল ধড় নিয়ে কারণ ধড় নিয়েই সব সমস্যা সৃষ্টি হয়ে থাকে। শকুন্তলার ছিল আগুনের মতো খিদে আর সে আকন্ঠ পান করত। পৃথিবীর সব রকমের ফল সে খেতে ভালোবাসতো, সবরকমের মাংস তার পছন্দের, সব রকমের মদে তার আসক্তি। তাই তার ধড়টা বড়মাথায় পড়েই ছিল। অন্য কিছু আর হতে পারছিল না।
    এই ভাবে পড়ে থাকতে থাকতে  তার পাকস্থলীর মধ্যে সব খাবারগুলো নড়েচড়ে উঠল, সবরকমের জন্তুর মাংসগুলো জেগে জেগে উঠল। তারা ঠিক যেমনটা ছিল তেমনই হয়ে গেল। খাওয়া আম, জাম, পেয়ারা, ডুমুর আর শাল পিয়ালের ফুলেরা মহুয়ারা হয়ে গেল ঘন গাছের জঙ্গল। খাওয়া হরিণ শুয়োর খরগোশ খটাশ বাঁদর সব হয়ে গেল কাতারে কাতারে হরিণ শুয়োর খরগোশ খটাশ বাঁদরের দল। আবার আগের মতো বাঘেরা কেন্দুয়ারা বনে বনে দাপিয়ে বেড়াতে লাগল। তাদেরও খাওয়া দাওয়ার অভাব রইল না। এইভাবে ধড় ও মাথা আলাদা হতে পেরে শকুন্তলা থেকে যায়।
     এ কথা বুঝতে আমায় জঙ্গলের একেবার মধ্যে চলে যেতে হয়েছিল। সেখানেও অবশ্য একটি দেওয়াল লিখন আমি আবিষ্কার করি, " শকুন্তলা  হাঁসদাকে ভোট দিন "। না হলে শকুন্তলা যে হাঁসদা হতে পারে সে ঈঙগিত দেওয়ার আমি কে? একমাত্র মাথা ও ধড় আলাদা হলে এসব সম্ভবপর হতে পারে।সম্ভবপর হতে পারে কি?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম