শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

 মেকআপ ম্যান


এক প্রাচীন শহরে একজন বৃদ্ধ মেকআপ ম্যান থাকতেন। দীর্ঘদিন ধরে মেকআপ দিতে দিতে তাঁর দৃষ্টি ক্ষীণ হয়ে পড়েছিল। তাই তিনি কেবলমাত্র বৃদ্ধের প্রতিরূপ-ই সৃষ্টি করতে পারতেন। একমাত্র বৃদ্ধের মেকআপ -ই দিতে পারতেন ওই মেকআপ ম্যান। এবং এ ব্যাপারে তাঁর বেশ দক্ষতা জন্মায়। প্রয়োজন পড়লেই বৃদ্ধের মেকআপ নিতে লোকজন তাঁর কাছে ভিড় জমাত। তাদের মধ্যে নানা বয়েসের লোকজন ছিল। নিজেদের প্রতিরূপ বাড়ি বা অন্যের আয়নায় দেখতে বৃদ্ধেরা পছন্দ করে না তবু নিজেদের আরও উজ্জ্বল রূপে দেখতে ও দেখাতে বৃদ্ধেরা আসত এবং মেকআপ ম্যান তাঁদের নিরাশ করতেন না। আসত যুবকেরা , তারা বৃদ্ধের প্রতিরূপে নিজেদের দেখতে কৌতুক বোধ করত। যথারীতি উনি তাদেরও  নিরাশ করেন নি। একদিন এক উজ্জ্বল শ্যামবর্ণ যুবক বৃদ্ধ মেকআপ ম্যানের সামনে দাঁড়াল। মেকআপ ম্যান জিজ্ঞেস করলেন ," তুমি কি বৃদ্ধের মেকআপ নিতে এসেছ ?' যুবকটি উত্তর দিলো , 'না। ' শুনে বৃদ্ধ মেকআপ ম্যান বললেন ,' তাহলে তুমি আমার কাছে এসেছ কেন ?'যুবকের উত্তর, ' আমি আপনার প্রতিরূপেই নিজেকে দেখতে চাই। আপনি কি আমার মধ্য়ে সম্পূর্ণ আপনার প্রতিরূপ সৃষ্টি করতে পারেন ?'শুনে বৃদ্ধ মেকআপ ম্যান হতচকিত হয়ে গেলেন। সত্যিই অন্য এক ব্যক্তিকে সম্পূর্ণ তাঁর নিজের মতন করার কথা তো তিনি কখনও ভাবেন নি। তবু পরাজয় স্বীকার করতে তাঁর আত্মাভিমানে   লাগল। তিনি যুবকটিকে সম্পূর্ণ তাঁর নিজের প্রতিরূপে মেকআপ দিতে লাগলেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে ক্লান্ত , বৃদ্ধ মেকআপ ম্যানের কাজ শেষ হল। বহু প্রাচীন , অতি বৃহৎ অথচ উজ্জ্বল এক আয়নার সামনে যুবকটিকে দাঁড় করিয়ে মেকআপ  ম্যান জিজ্ঞেস করলেন,'হয়েছে তো?'যুবকটি উত্তর দিল ,'মোটেই না। ' বৃদ্ধ মেকআপ ম্যানও ক্লান্ত শরীরে ,ভগ্ন  হৃদয়ে দেখলেন যুবকটিতে বৃদ্ধের প্রতিরূপ দেখা যাচ্ছে বটে তবে সে মোটেই তাঁর নিজের অনুরূপ হয় নি।  বৃদ্ধ মেকআপ ম্যানকে পর্যুদস্ত দেখে যুবকটি হেসে বলল ,'এর থেকেই প্রমান হচ্ছে আপনি  যথার্থই বৃদ্ধ হয়েছেন। এখন আপনার অবসর গ্রহণ করাই উচিত।  ' ভগ্নহৃদয়  বৃদ্ধ মেকআপ ম্যান ধীরে ধীরে তাঁর আরামকেদারায় গা এলিয়ে ক্লান্ত ও ক্ষীণদৃষ্টি চোখ দুটি বুজলেন। আরামকেদারাটিকে সিংহাসনের মতো লাগছিল।      

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম