শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

                                                                                 দিদি  


দিদিটির নাম জানি না। কোন দিন জিগ্গেসও করি নি। তবে ওর হাসি দেখেই গরম সিঙাড়া কিনতাম   এই লম্বা কোরিডোরে , সম্প্রতি যা পাথর দিয়ে বাঁধানো হয়েছিল। কোরিডোর শুরু হয়েছে কোলাপ্সিবল গেট থেকে আর শেষ হয়েছে এক অফিসারের  ঘরে। এই হেরিটেজ বাড়িতে সব কোরিডোরই কোন না কোন অফিসারের ঘরে শেষ হয়েছে।আর সব কোরিডোরই শুরু হয়েছে কোলাপ্সিবল গেট থেকে যার ওপারে পুলিশের সারিবদ্ধ মুখ দেখা যায়। সে দিন অসময়ে ওই গেট খুলে গেল সেখান থেকে পুলিশ বের হল সারিবদ্ধ ভাবে আর দিদির দোকানের সামনে এল। দিদি বললো ,'সিঙাড়া ?'ওনারা বললেন ,"আর বিক্রি করা যাবে না.'

---- কেন ?
---- পারমিশন নেই।
---- কেন ?
---- বলতে পারবো না।
---- কেন ?
--- মালপত্র নিয়ে চলে যান।
--- মাল ফেরত নেবে না।
--- চলে যান।
--- বললাম তো ফেরত নেবে না।
--- ঠিক আছে আজ বিক্রি করে নিন।
--- কাল?
--- পারমিশন নেই।
--- খাবো কি ?
--- বললাম তো  ...............

       আমরা অফিসের সবাই দিদির কাছ থেকে সিঙাড়া কিনলাম , চপ কিনলাম , কেক কিনলাম। সুদীনদা দুটো কেক নিলো। আমাকে একটা দিল। কেকটা  ভালো নয়। সুদীনদা বললো ,' অম্বল হবে না তো ?' আমি বললাম , 'ভেবো না ভেবোনা তালে অম্বল আরো বেশি হবে। ভাবলে বেশি অম্বল হয়। '

     আমি হাঁটছিলাম পাথর বাঁধানো কোরিডোর দিয়ে। আমাদের অফিসের  পাশে। ভেতরে কাজ হচ্ছিল। কেউ কেউ চুপচাপ বসে ছিল। কেউ গল্প করছিল। তর্ক করছিল। কেউ বা জল খাচ্ছিল। পাশে টাইপ সেকশন থেকে টাইপ করার আওয়াজ আসছিলো। কেউ নিঃশব্দে কম্পিউটারে টাইপ করছিল।আমি কার্রিডোর দিয়েকয়েক বার এপাশ  ওপাশ করলাম -- শুরু হয়েছে কোলাপ্সিবল গেট দিয়ে শেষ হয়েছে এক অফিসারের ঘরে। তারপর দিদির কাছে এলাম , বললাম ,' একটা মিষ্টি দিন। ' এর পর দিদি বললো , 'আর একটা নিন না। ' আমি নিলাম। ভাবলাম সুদীনদার জন্য নিয়ে যাই। কিন্তু আনমনে নিজেই খেয়ে ফেললাম। পয়সা দিলাম, বললাম , ' আজ কত হল। 'দিদির মুখে হাসি নেই, আনমনা। আমার মনে হল , আচ্ছা এই দিদির তো নাম জিগ্গেস করা হয়নি এতবছর হলো। কোনো দিন করা হয় নি। কাল থেকে তো আর আসবে না। আমি বললাম , 'আচ্ছা  আপনার নাম কি ?' দিদির মুখে হাসি এলো যা দেখে আমি গরম সিঙ্গাড়া কিনতাম , ও বললো , ' উঁহু বলা যাবে না। ' আমি বললাম 'কেন ?' দিদি বললো ,"পারমিশন নেই। ' দিদির মুখে হাসি লেগে রইল। কোলাপ্সিবল গেটের ওপারে পুলিশের সারিবদ্ধ মুখ দেখা যাচ্ছিল। অফিসারের ঘর।  টাইপ হচ্ছিল। কেউ   নিঃশব্দে কম্পিউটারে টাইপ করছিল। তর্ক করছিল।জল খাচ্ছিল। কেউবা  চুপচাপ বসেছিল।    

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম